নিউজ প্রবাসী ডেক্স :

নিউইয়র্কের ব্রুকলিনে গুলিতে আহত হয়েছেন রুহুল আমিন নাসির নামে এক বাংলাদেশি ট্যাক্সিচালক। স্থানীয় সময় শুক্রবার ভোরে নর্থ পোর্টল্যান্ড অ্যাভেনিউ এলাকায় এ ঘটনা ঘটে। আহত নাসিরের দুই দফা অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ৫৩ বছর বয়সী নাসির সেখানে এক যাত্রীকে নামিয়ে দিচ্ছিলেন। এ সময় তার ট্যাক্সিকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। গাড়ির ক্ষয়ক্ষতি দেখতে নাসির ট্যাক্সি থেকে নামেন।
পরে ধাক্কা দেওয়া গাড়ির চালকের সঙ্গে নাসিরের যাত্রীর বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন নাসির। এর মধ্যেই পাশের একটি বাসা থেকে এক ব্যক্তি বের হয়ে গুলি চালান। গুলিটি নাসিরের মুখের ডান পাশে লাগে।
আহত অবস্থায় তাকে নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান ব্রুকলিন মেথডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। তার বন্ধু শাহ আলম জানান, নাসিরের ইতোমধ্যে দুই দফা অস্ত্রোপচার হয়েছে।
নাসির একসময় ‘প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি’র সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ওপর হামলার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার একদিন পার হলেও হামলাকারী গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কমিউনিটির নেতারা।
এদিকে নিউইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভারসের মুখপাত্র ফার্নান্দো ম্যাতিও ট্যাক্সিচালকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ট্যাক্সিতে ক্যামেরা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন।
ফেডারেশনের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহের মধ্যে দায়িত্ব পালনরত ট্যাক্সিচালকের ওপর গুলির এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ব্রুকলিনে পাকিস্তানি এক ট্যাক্সিচালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts