নিউজ প্রবাসী ডেক্স :
বগুড়ায় মহাসড়কের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, ঢাকাগামী একটি ট্রাক ফ্লাইওভারের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকাজ চলার কারণে মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।
নিহতদের পরিচয় শনাক্তসহ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।