নিউজ প্রবাসী ডেস্ক

দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। ১৯৭১ সালের মহান বিজয় দিবসকে দেশে ফেরার সম্ভাব্য দিন হিসেবে নির্ধারণ করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন তাঁর মুখপাত্র।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট তারিখের কথা জানিয়েছেন শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে তাঁকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবারও দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মুখপাত্রের দাবি, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ না করেই শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে রোববার এক বাংলাদেশি মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে বিমান পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই অভ্যুত্থান ঘিরে সংঘটিত সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। পরবর্তী সময়ে আন্দোলন দমনে প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts