নিউজ প্রবাসী ডেক্স :
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সংরক্ষিত বনভূমিতে নির্মাণ করা হচ্ছে বর্জ্য স্থানান্তর কেন্দ্র—এসটিএস। বন বিভাগের আপত্তি ও হাইকোর্টের নির্মাণকাজ বন্ধের নির্দেশের পরও কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের বিরুদ্ধে।
বন বিভাগের কর্মকর্তাদের দাবি, জাতীয় উদ্যানের কোর জোনে এ ধরনের বর্জ্য স্থাপনা নির্মাণ আইনবিরোধী। প্রকল্পের জন্য বন বিভাগ বা পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্রও নেওয়া হয়নি।
চলতি বছরের মে মাসে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি—বেলা এ বিষয়ে হাইকোর্টে রিট করলে আদালত ভাওয়াল উদ্যানে সব ধরনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। কিছুদিন কাজ বন্ধ থাকার পর আবারও নির্মাণকাজ শুরু হয়।
বন কর্মকর্তাদের অভিযোগ, উদ্যানের সীমানা প্রাচীর ভেঙে নির্মাণকাজের জন্য প্রবেশপথ তৈরি করা হয়েছে। বাধা দিতে গেলে প্রভাবশালীদের হস্তক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়।
তবে গাজীপুর সিটি করপোরেশনের দাবি, শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় জায়গার সংকট থাকায় ব্যক্তিমালিকানাধীন জমিতে এসটিএস নির্মাণ করা হচ্ছে।
পরিবেশবিদদের আশঙ্কা, বনের ভেতরে নিয়মিত বর্জ্য জমা হলে দূষিত হবে মাটি-পানি ও বায়ু। পাশাপাশি বন্যপ্রাণী ও পুরো বাস্তুতন্ত্রের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts