নিউজ প্রবাসী ডেক্স :
ময়মনসিংহ নগরীতে হামলায় আহত রাজা মিয়া (৪০) নামে যুবদলের এক সাবেক নেতার মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রাজা মিয়া নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর এলাকার মমরোজ মিয়ার ছেলে। তিনি মহানগর যুবদলের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্বজনদের দাবি, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে চার দিন আগে একদল লোক রাজা মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। হামলার কারণ ও এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts