নিউজ প্রবাসী ডেক্স :
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, নিউইয়র্ক থেকে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এমিরেটসের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। ফ্লাইটটি দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে রওনা দেয়।
এর আগে গত ২১ সেপ্টেম্বর ৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার প্রথম বক্তব্য। ২৪ সেপ্টেম্বর তিনি বাংলায় ভাষণ দেন।
সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বিভিন্ন দেশের সরকারপ্রধানসহ একাধিক আন্তর্জাতিক ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় উঠে আসে।
জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। সফর শেষে দেশে ফেরার মধ্য দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক কর্মসূচির সমাপ্তি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts