স্টাফ রিপোর্টার,
মাগুরার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বর্ষাকালে ব্যবহারের জন্য ছাতা বিতরণ করা হয়েছে। ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন আমুড়িয়া আয়োজিত এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)।
কর্মসূচির আওতায় আমুড়িয়া মাদ্রাসা, আমুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুল্লিয়া কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজ, বায়তুস সালাম মাদ্রাসা, বাহারবাগ হাইস্কুল, হাজরাহাটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাতা বিতরণ করা হয়।
ছাতা বিতরণ কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ধূমপান, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, বহুবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
কুল্লিয়া কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ছাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক আফিলউদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা অফিসার কাশেম কুমার দাস, শিক্ষক বিশ্বাস ওয়াহিদুজ্জামান ও হুমায়ুন কবিরসহ শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, বাল্যবিবাহ, যৌতুক, ধূমপান ও মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও আত্মহত্যার প্রবণতা রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলার বিষয়েও সচেতন করা হয়।
অনুষ্ঠানে মেধাবী ও নিয়মিত দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে জ্যামিতি বক্স, খাতা, কলম, স্কেল ও অগ্রগতি পত্র বিতরণ করা হয়।
শিক্ষার্থী ও শিক্ষকরা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।