নিউজ ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দ করলে মস্কোও পাল্টা একই ধরনের পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে পুতিনের এ বক্তব্য তুলে ধরা হয়।
সাখালিন দ্বীপে সামরিক মহড়া পরিদর্শনের সময় পুতিন বলেন, রুশ জাহাজ আটক বা চলাচলে বাধা দেওয়ার যেকোনো পদক্ষেপকে মস্কো ‘জলদস্যুতা ও ডাকাতি’ হিসেবে দেখবে। এমন ঘটনা ঘটলে রাশিয়া প্রয়োজন অনুযায়ী যেকোনো জায়গায় পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে বলেও জানান তিনি।
ইউক্রেইন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর ওপর চাপ বাড়াচ্ছে ইইউ। নিষেধাজ্ঞার আওতায় থাকা সন্দেহে রুশ সংশ্লিষ্ট বিভিন্ন বাণিজ্যিক জাহাজ তল্লাশি ও আটকের উদ্যোগ নিয়েছে ইউরোপের কয়েকটি দেশ।
পুতিনের বক্তব্যের পর রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার ভিক্টর লিনা জানান, বিদেশি জাহাজ পরিদর্শন ও আটকের সক্ষমতা তাদের রয়েছে এবং প্রয়োজন হলে এ ধরনের পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।
রুশ প্রেসিডেন্ট একই সঙ্গে এশিয়া-প্যাসিফিক ও আর্কটিক অঞ্চলে নেটোর প্রভাব বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, ওই অঞ্চলে নতুন সামরিক জোট ও অস্ত্র মোতায়েন রাশিয়ার জন্য হুমকি তৈরি করছে।
পুতিনের এমন বক্তব্যে রাশিয়া ও ইউরোপের মধ্যে সমুদ্রপথে পাল্টাপাল্টি পদক্ষেপ ঘিরে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts