নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা, ২৬ জুলাই: পণ্যের মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন ছাড়াই বিভিন্ন পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাতের অভিযোগে এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট, আফতাব ফিডসহ সাত প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং রাজধানীর বসিলা ও হাজারীবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এসব জরিমানা করেন বলে বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএসটিআই জানায়, রূপগঞ্জে এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে পোল্ট্রি ও ফিশ ফিডের মান সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন ছাড়াই উৎপাদন, বিক্রি ও বিতরণের অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ এবং ওজন ও পরিমাপে অনিয়মের অভিযোগে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডকে মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন ছাড়া ফিড উৎপাদন ও বাজারজাতের অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রূপগঞ্জের তারাবো এলাকায় জিউজো ইন্ডাস্ট্রি লিমিটেডকে মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন ছাড়া লেড-অ্যাসিড স্টার্টার ব্যাটারি উৎপাদন, বিক্রি ও বিতরণের অভিযোগে ১ লাখ এবং ওজন ও পরিমাপে অনিয়মের অভিযোগে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রাজধানীর বসিলা এলাকায় আমান কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজ এবং স্ট্যান্ডার্ড কনজ্যুমার অ্যান্ড টয়লেট্রিজকে বিভিন্ন কোম্পানির নামের সঙ্গে সাদৃশ্য রেখে হ্যান্ডওয়াশ ও লিকুইড টয়লেট ক্লিনার উৎপাদন ও বাজারজাতের অভিযোগে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে হাজারীবাগে মান সনদ ছাড়া মিষ্টি, বিস্কুট ও লাচ্ছা সেমাই বিক্রির অভিযোগে ‘মিঠাই’কে ১ লাখ টাকা এবং মান সনদ ছাড়া মিষ্টি ও দই উৎপাদন ও বাজারজাতের অভিযোগে অপূর্ব আনন্দ জল খাবারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।