নিউজ প্রবাসী ডেক্স:
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। একই ঘটনায় পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙচুরের খবরও পাওয়া গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টার পর মিরপুর ১০ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় ডিশ লাইনের তার খুলে ফেলার একপর্যায়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পাশের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে। পরে ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
আগুনের ঘটনার পর হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে হকারদের সঙ্গে পুলিশেরও সংঘর্ষ বাধে। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, পুলিশের একটি গাড়ির গ্লাস ভাঙচুরের খবর পাওয়া গেছে। পাশাপাশি সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
ঘটনার পর মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ১৪ নম্বরের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জানিয়েছিলেন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হবে।
ঘটনার পর মিরপুর ১০ নম্বর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।