নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর মিরপুরে বাউন্ডারি দেয়াল ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের বাউন্ডারি দেয়াল ধসে হতাহতের এ ঘটনা ঘটে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দেয়াল ধসের ঘটনায় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঢামেকে নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল পুরোনো লুঙ্গি ও লাল চেক শার্ট।
এ ঘটনায় আহত রাজিয়া বেগম (৫৫) নামে এক নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার পায়ে আঘাত লেগেছে।
আহত রাজিয়া বেগমের ভাই দেলোয়ার হোসেন জানান, তার বোন মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় থাকেন। টিসিবির পণ্য কেনার জন্য ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দেয়ালধসের ঘটনায় তিনি আহত হন।
পুলিশ জানায়, বাউন্ডারি দেয়ালের পাশে টিসিবির পণ্য নিতে কার্ডধারীদের জন্য লাইনের ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবারও সেখানে অনেক মানুষ অপেক্ষমাণ ছিলেন। এ সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছে