নিউজ ডেস্ক

প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিজ্ঞাপন নিজেদের সব প্ল্যাটফর্মে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে টিকটকের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞাপন ও বিপণন কার্যক্রমের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রতিষ্ঠানটি।

বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার ভাষ্য, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে নিজেদের প্ল্যাটফর্মে প্রচারের সুযোগ না দেওয়া স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমের অংশ।

মেটা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনামে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এসব দেশে টিকটকের প্রচার চালানো তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতারাও এর আওতায় থাকবেন।

মেটার মুখপাত্র ক্রিস সগ্রো বলেছেন, এমন প্রতিদ্বন্দ্বীর বিজ্ঞাপন প্রচারের বাধ্যবাধকতা তাদের নেই, যার মূল উদ্দেশ্য ব্যবহারকারীদের মেটার অ্যাপ থেকে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া।

এর আগে টিকটকও নিজেদের প্ল্যাটফর্মে ফেইসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক নিষিদ্ধ করেছিল।

এদিকে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর চাপ বাড়ছে। অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় মেটার নেওয়া পদক্ষেপ অনুসরণ করতে টিকটক ও অন্যান্য প্ল্যাটফর্মের ওপরও চাপ তৈরি হয়েছে।

গত আগস্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সঙ্গে ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতায় পৌঁছায় মেটা। এর ফলে ফেইসবুক ও ইনস্টাগ্রামে শিশু সুরক্ষাবিষয়ক ফিচার বাস্তবায়নে প্রতিষ্ঠানটির বাধ্যবাধকতা তৈরি হয়। আইন বিশেষজ্ঞদের ধারণা, এর প্রভাবে টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকেও নিজেদের অ্যাপে পরিবর্তন আনতে হতে পারে।

চলতি গ্রীষ্মে ইউরোপীয় নিয়ন্ত্রকেরা অভিযোগ করেন, অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিতে টিকটক যথেষ্ট পদক্ষেপ নেয়নি। এ কারণে প্রতিষ্ঠানটিকে বার্ষিক আয়ের ৬ শতাংশ পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।

শিশু সুরক্ষা ও স্ক্রিন টাইম নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের কয়েকটি বৈঠকে টিকটকের অনুপস্থিতিরও সমালোচনা করেছে মেটা। পাশাপাশি প্রধান সংবাদমাধ্যমগুলোতে বিজ্ঞাপন দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও একই ধরনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে তারা।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত টিকটকের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের একদল বিনিয়োগকারীর মালিকানাধীন প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের মধ্যে ওরাকলও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts