নিজস্ব প্রতিবেদক, যশোর:
মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী ও এক নারীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল থেকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় তাঁর বাসভবনের সামনে শত শত মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় এমপির বাড়িতে হামলার অভিযোগও ওঠে।
স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সংসদ সদস্য গোলাম রসুল ও তাঁর মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সনা নামে এক নারীকে মারধরের অভিযোগ ওঠে। এতে ওই নারীর মাথা ফেটে যায় বলে দাবি করেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনা নিয়ে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়। তবে মঙ্গলবার সকালে মাদ্রাসা খোলার পর গোলাম রসুল সেটি বন্ধ রাখার কথা বলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সকাল ১০টার দিকে স্থানীয়রা এমপির বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীদের দাবি, মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে এমপি ও তাঁর মেয়ের দুর্ব্যবহারের অভিযোগও করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে পরিস্থিতি মীমাংসার জন্য গোলাম রসুলের এক স্বজন ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের একাংশ তাঁর ওপর চড়াও হন। এ সময় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিনি জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এদিকে গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকলেও শিশুরা বিভিন্ন সময় সেখানে এসে গোলযোগ সৃষ্টি করে। এর প্রতিবাদ করায় তাঁর মেয়ের সঙ্গে স্থানীয়দের বিরোধ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
শারমিন ভিনার দাবি, এ ঘটনাকে কেন্দ্র করে এখন অহেতুকভাবে তাঁদের বাড়িতে হামলা চালানো হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এমপির বাসভবনের সামনে স্থানীয়দের অবস্থান চলছিল। একই সঙ্গে যশোর-নড়াইল মহাসড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts