নিউজ প্রবাসী ডেক্স :
হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এস কে সুর চৌধুরীর রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে।
ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করবেন। আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক বিষয়টি জানিয়েছেন।
দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৫ জুলাই মামলাটির রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। দুদকের পক্ষে আইনজীবী আবুল কালাম আজাদ মামলায় সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের আবেদন করেছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সরোজ কুমার হাওলাদার এস কে সুরকে খালাস দেওয়ার আবেদন জানিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস কে সুর এবং তার ওপর নির্ভরশীলদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য জমা দিতে নোটিস দেয় দুদক।
গত বছরের ২৭ অক্টোবর তিনি নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশসহ নির্ধারিত ফরম গ্রহণ করেন। তবে নোটিস পাওয়ার পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদের হিসাব বিবরণী জমা দেননি।
এ ঘটনায় গত বছরের ২৩ ডিসেম্বর এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।
এর আগে গত বছরের ২৫ আগস্ট এস কে সুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন। একই বছরের ৬ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার বিচারকাজে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।