আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ বাড়ানো এবং বাজারে এসব পণ্যের দাম সহনীয় রাখতে আমদানি শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে মাল্টা ও আপেলের ক্ষেত্রে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ কাস্টমস শুল্ক কার্যকর থাকবে। আগে এ পণ্যের আমদানি শুল্ক ছিল ২৫ শতাংশ।
এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাল্টা ও আপেল আমদানিতে হ্রাসকৃত করহার বহাল থাকবে। এ সময় এইচএস কোড ০৮০৫১০৯০-এর আওতাভুক্ত অরেঞ্জ বা মাল্টা এবং ০৮০৮১০৯০-এর আওতাভুক্ত আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ দিতে হবে।
রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্যপণ্যের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ওপর মূল্যচাপ কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।