দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সর্বশেষ আটজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। এর মধ্যে নভেম্বরের প্রথম ১৪ দিনে মারা গেছেন ৮০ জন। এর আগে অক্টোবরে ১৭৪, সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি—প্রতি মাসে মারা যান দুজন করে।
বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯৫২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৮৭৩ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ২৫৯, বরিশালে ২০৯, খুলনায় ১৯৩, রাজশাহীতে ১৪০, ময়মনসিংহে ৯১, রংপুরে ৭৪ এবং সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।