নিউজ প্রবাসী ডেক্স :
সাভারের রানা প্লাজা নির্মাণে দুর্নীতির মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির রায় পিছিয়ে গেছে।
রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতে রায় ঘোষণার কথা থাকলেও প্রস্তুতি শেষ না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে।
মামলার আট আসামির মধ্যে সোহেল রানা ছাড়াও রয়েছেন সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহসহ পৌরসভার সাবেক পাঁচ কর্মকর্তা ও এক লাইসেন্স পরিদর্শক।
রানা প্লাজা ধসের ঘটনায় সোহেল রানা অন্য একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন। রোববার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে এক হাজার ১৩৬ জনের মৃত্যু হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক।
ভবন নির্মাণে অনিয়ম ও অনুমোদিত নকশার বাইরে ভবন সম্প্রসারণের অভিযোগে ২০১৪ সালে দুর্নীতি দমন কমিশন মামলা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটির রায় ঘোষণার জন্য এবার ১ সেপ্টেম্বর দিন ধার্য হলো।