নিউজ প্রবাসী ডেক্স :

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুই
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখনো সংশোধন করা হয়নি। ফলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও এর বিধান কার্যকর থাকবে। কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিধান রয়েছে বলেও জানান তিনি।
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংরক্ষিত নারী আসনের ৫০ জনসহ মোট ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন।
নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে এবার রাষ্ট্রপতি নির্বাচন একক প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়ার সম্ভাবনা থাকছে না।
ভোটের পদ্ধতি সম্পর্কে নুরুল ইসলাম মনি জানান, সংসদ সদস্যরা প্রার্থীর নামের পাশে নির্ধারিত পদ্ধতিতে ভোট দেবেন। ভোট প্রকাশ্য হওয়ায় কে কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা জানা যাবে।
তফসিল অনুযায়ী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্ধারিত সময়ের আগেই ভোট শেষ হলে ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
চিফ হুইপ জানান, ভোটের দিন সংসদ কক্ষে বৈঠক ডাকবেন প্রধান নির্বাচন কমিশনার। তিনিই নির্বাচনী কর্তা হিসেবে ওই বৈঠকে সভাপতিত্ব করবেন।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি। চিফ হুইপ জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করবেন। তিনি বলেন, প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলীয়ভাবে তারেক রহমানকে দেওয়া হয়েছে এবং ১৩ আগস্ট মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থী সম্পর্কে জানা যাবে।
অন্যদিকে বিরোধী দলগুলোর জোট রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান অলি আহমদকে প্রার্থী করেছে। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার পাশাপাশি রাজনৈতিক অবস্থান দেশবাসীর সামনে তুলে ধরতেই তারা প্রার্থী দিয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ প্রয়োগের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ’ অনুযায়ী ৭০ অনুচ্ছেদ সংস্কার করে নির্বাচন হলে রাষ্ট্রপতি আরও বেশি সম্মানিত ও গ্রহণযোগ্য হতেন।
তবে চিফ হুইপ নুরুল ইসলাম মনি দাবি করেন, বিদ্যমান সংবিধান ও জুলাই সনদের আলোকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts