নিউজ প্রবাসী ডেক্স :
৩৫ বছর পর আবারও সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হতে যাচ্ছে। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ ভোট অনুষ্ঠিত হবে। ভোট দেবেন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা।
মঙ্গলবার সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন ভবনে সাংবাদিকদের ভোটগ্রহণের পদ্ধতি জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ কক্ষে বৈঠক আহ্বান করবেন প্রধান নির্বাচন কমিশনার, যিনি এ নির্বাচনের নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। ভোটগ্রহণে নির্বাচন কমিশনের ২০ জন সহায়ক কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২০ আগস্ট সংসদ কক্ষে ভোটগ্রহণ হবে।
ইসি সচিব জানান, সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ভোট দেবেন। সহায়ক কর্মকর্তারা তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন। ব্যালটে প্রার্থীদের নামের পাশে ভোটারকে নিজের পূর্ণ নাম, স্বাক্ষর ও বিভক্তি নম্বর লিখতে হবে।
ভোটগ্রহণের জন্য সংসদ কক্ষে তিনটি ব্যালট বাক্স রাখা হবে। সংসদ সদস্যরা নিজেদের সুবিধামতো যেকোনো একটি বাক্সে ব্যালট জমা দিতে পারবেন।
এবারের সংসদে মোট ৩৪৯ জন সদস্য রয়েছেন। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের সদস্য ৫০ জন। ইতোমধ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকাও প্রকাশ করেছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ক্ষমতাসীন বিএনপির ২৪৭ জন সংসদ সদস্য থাকায় দলটির মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে বিরোধী দলও প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়ায় এবার রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটে গড়াচ্ছে।
এর আগে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে ভোট হয়েছিল। এরপর টানা সাতবার একক প্রার্থী থাকায় রাষ্ট্রপতিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ইসি সচিব বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধভাবে পড়েছে এবং কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, তা গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রাথমিক ফল ঘোষণা করবেন।
পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।