নিউজ প্রবাসী ডেক্স :
রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নাম সম্বলিত ভোটার তালিকা নির্বাচন কমিশনের (ইসি) কাছে পাঠিয়েছে সংসদ সচিবালয়। তালিকা হাতে পাওয়ার পর কমিশন তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে।
বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা কমিশনের কাছে পৌঁছেছে। বিষয়টি নিয়ে কমিশনের বৈঠকে আলোচনা হবে। বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ সময়ে স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই হিসেবে আগামী ২২ অক্টোবরের মধ্যেই নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। এ লক্ষ্যেই নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী সংসদ সদস্যরাই এ নির্বাচনের ভোটার। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হবে। মনোনয়নপত্র জমা ও যাচাইয়ের কাজ নির্বাচন কমিশনে হলেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনে।
আইন অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হতে হবে। পাশাপাশি প্রার্থীর নিজস্ব সম্মতিসূচক স্বাক্ষরও বাধ্যতামূলক।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, কমিশনের আনুষ্ঠানিক বৈঠক শেষে রাষ্ট্রপতি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে।