নিউজ প্রবাসী ডেক্স :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে শিগগিরই ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার নির্বাচন কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পরে ইসি সচিব আখতার আহমেদ জানান, দু-এক দিনের মধ্যেই ভারপ্রাপ্ত স্পিকারের কাছে সাক্ষাতের সময় চেয়ে চিঠি পাঠানো হবে।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী আগামী ২২ অক্টোবরের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
সংসদ সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা পাওয়ার পর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।
এদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান আশা প্রকাশ করেছেন, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনও সংসদ সচিবালয় থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, স্পিকার বা সংসদের আনুষ্ঠানিক রেফারেন্স পাওয়ার পর আইন ও সংবিধান অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।