নিউজ প্রবাসী ডেক্স :
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিনের দপ্তরে বিএনপির পক্ষ থেকে এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার পর তিনি বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ান।
মনোনয়নপত্রে মির্জা ফখরুলের প্রস্তাবক করা হয়েছে বিএনপির নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খানকে এবং সমর্থক ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এদিকে বিএনপির প্রার্থীর পাশাপাশি বিরোধী জামায়াত জোটের পক্ষ থেকে এলডিপি সভাপতি অলি আহমদের মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। ফলে একাধিক প্রার্থী থাকায় এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।