নিউজ প্রবাসী ডেক্স :

ভারতের মধ্য উত্তরপ্রদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে সাধারণ লঘুচাপে পরিণত হলেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আগামী ১৩ জুলাই পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ী জলাবদ্ধতা এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। পাশাপাশি গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। এছাড়া সাতক্ষীরায় ১৭৯ মিলিমিটার, গোপালগঞ্জে ১৬৩ মিলিমিটার, আমবাগানে ১৫৩ মিলিমিটার, তাড়াশে ১৩৮ মিলিমিটার এবং টাঙ্গাইলে ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts