নিউজ প্রবাসী ডেক্স :

টানা বর্ষণে সড়ক তলিয়ে যাওয়ায় দুই দিন ধরে রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকে থাকা পর্যটকরা অবশেষে ফিরতে শুরু করেছেন। শুক্রবার সকালে সেনাবাহিনীর নিরাপত্তা বহরে তারা সাজেক ত্যাগ করে খাগড়াছড়িতে পৌঁছান। তবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণ সাময়িকভাবে বন্ধ থাকবে।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেব বর্মণ জানান, বৃষ্টির পানি নেমে যাওয়ায় শুক্রবার সকালে আটকে থাকা সব পর্যটক নিরাপদে সাজেক ছাড়তে সক্ষম হয়েছেন। প্রায় ৬০০ পর্যটকের মধ্যে বৃহস্পতিবার ১৫০ জন ফিরে যান, আর বাকিরা শুক্রবার চলে যান। বর্তমানে সাজেকে কোনো পর্যটক অবস্থান করছেন না।
এর আগে টানা ভারি বৃষ্টিপাতের কারণে সড়কের দুটি অংশ পানিতে তলিয়ে যাওয়ায় সোমবার ও মঙ্গলবার ভ্রমণে যাওয়া পর্যটকরা আটকা পড়েন। পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে জেলা প্রশাসন সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
প্রশাসন জানিয়েছে, সড়ক ও আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের জন্য পুনরায় সাজেক খুলে দেওয়া হবে। ততদিন পর্যন্ত নিরাপত্তার স্বার্থে ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts