নিউজ প্রবাসী ডেক্স :
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার ওপর কুড়াল দিয়ে হামলার অভিযোগে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে। আটক বিএম জসিম উপজেলার আলাউলপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রেইনকোট, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে অফিসে প্রবেশ করেন জসিম। পরে ব্যাগ থেকে একটি কুড়াল বের করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে আটক করেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করেন।
খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়।
আহত শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের দাবি, অভিযুক্ত শিক্ষকের বিভিন্ন অনিয়মের বিষয়ে একাধিকবার সতর্ক ও জবাবদিহির আওতায় আনার চেষ্টা করায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, সহকর্মীরা দ্রুত এগিয়ে না এলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
অন্যদিকে, অভিযুক্ত বিএম জসিম হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি কুড়াল আনেননি; বরং এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে অসংলগ্ন বক্তব্য দিতেও দেখা যায়।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।