নিউজ প্রবাসী ডেক্স :
সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
বুধবার বিকেলে কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু।
আইনজীবী জানান, সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে মোট নয়টি মামলা রয়েছে। এর সবকটিতেই তিনি জামিন পেয়েছেন। এজাহারভুক্ত আসামি হিসেবে অন্য কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোয় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।
এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত খায়রুল হকের জামিন বহাল রাখেন। ফলে তার মুক্তির পথ খুলে যায়।
২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
তার বিরুদ্ধে হত্যা চেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ হত্যাচেষ্টা মামলায় হাই কোর্ট তাকে জামিন দিলে রাষ্ট্রপক্ষ সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করে। পরে চেম্বার আদালত ‘নো অর্ডার’ দিলে জামিন বহাল থাকে।
এ বি এম খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরের বছর ১৭ মে তিনি অবসরে যান। পরে ২০১৩ সালে তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়। ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts