নিউজ প্রবাসী ডেক্স :
চেক ডিজঅনারের এক বছরের সাজা হওয়া আরও একটি মামলায় লোকসংগীতশিল্পী ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ সাদিক আহম্মেদ বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২১ নভেম্বর মুজিব পরদেশীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল। অর্থদণ্ডের মধ্যে বাদীকে ৫ লাখ টাকা এবং বাকি ৩ লাখ ৮০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ ছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৩ সালে যুক্তরাজ্যে নেওয়ার কথা বলে মজিবুর রহমানের ছোট ভাই সোলায়মান সরদারের কাছ থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা নেন মুজিব পরদেশী। এর মধ্যে ২ লাখ ২০ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে এবং বাকি টাকা নগদে নেওয়া হয়।
পরে সোলায়মানকে যুক্তরাজ্যে নিতে না পারায় টাকা ফেরত চান বাদী। তখন মুজিব পরদেশী ২ লাখ ২০ হাজার টাকা করে দুটি চেক দেন। ব্যাংকে জমা দেওয়ার পর অপর্যাপ্ত তহবিলের কারণে চেক দুটি প্রত্যাখ্যাত হয়।
এ ঘটনায় আইনি নোটিস দিয়েও টাকা ফেরত না পাওয়ায় ২০০৪ সালের ১ জুন মামলা করেন মজিবুর রহমান।
এর আগে গত ৪ আগস্ট ১০ লাখ টাকার আরেকটি চেক ডিজঅনার মামলায় মুজিব পরদেশীকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় ২০২৩ সালে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল।
মুজিব পরদেশীর আসল নাম মুজিবুর রহমান মোল্লা। আশির দশকে বাংলা লোকগানের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts