
নিউজ প্রবাসী ডেক্স :
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তিবাদী অবস্থান থেকে জাপানকে সরিয়ে নেওয়ার সরকারি উদ্যোগ ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক যুদ্ধবিরোধী বিক্ষোভ। রাজধানী টোকিওসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে ‘নো ওয়ার’ স্লোগানে বিক্ষোভ করছেন।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সরকার সম্প্রতি অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশে জাপানের সামরিক বাহিনীর ভূমিকা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। সরকারের দাবি, চীন, উত্তর কোরিয়া ও রাশিয়াকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে এ পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
তবে সাধারণ মানুষের একাংশ মনে করছেন, এসব পরিবর্তনের মাধ্যমে জাপান ধীরে ধীরে যুদ্ধসক্ষম রাষ্ট্রে পরিণত হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, সংবিধানের শান্তিবাদী ধারা-৯ জাপানের নৈতিক অঙ্গীকারের প্রতীক এবং এটি রক্ষা করা জরুরি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক হামলা থেকে বেঁচে যাওয়া জাপানিদের সংগঠন ‘হিবাকুশা’র সদস্যরাও বিক্ষোভে সংহতি প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা থেকেই শান্তিবাদী জাপানের জন্ম হয়েছে এবং সেই অবস্থান থেকে সরে আসা বিপজ্জনক হতে পারে।
অন্যদিকে সরকারপন্থিদের দাবি, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া জাপানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ফলে দেশটির ভবিষ্যৎ নিরাপত্তা ও শান্তিবাদী পরিচয় নিয়ে জাপান এখন গভীর বিতর্কের মুখে পড়েছে।