
নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার বনানীতে সরকারি জমিতে নির্মিত পাঁচতারকা হোটেল ‘শেরাটন’ প্রকল্পে অনিয়ম, প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী এবং তার মালিকানাধীন প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার বনানী থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ডিএনসিসি নিয়ন্ত্রিত সরকারি জমিতে ১৪ তলা ভবন নির্মাণের অনুমোদন থাকলেও শর্ত ভঙ্গ করে সেখানে ২৮ তলা ভবন নির্মাণ করা হয়। পরে ওই ভবনেই প্রতিষ্ঠা করা হয় পাঁচতারকা হোটেল ‘শেরাটন’।
সিআইডি জানিয়েছে, অনুমোদনহীন ভবনে হোটেল পরিচালনার মাধ্যমে অবৈধভাবে ১১৫ কোটি ৫৮ লাখ টাকার বেশি অর্থ পাচারের প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না করা এবং ডিএনসিসিকে প্রাপ্য অংশ বুঝিয়ে না দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউক ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনাপত্তিপত্র নেওয়া হয়নি। ভবনের উচ্চতা নির্ধারিত সীমা অতিক্রম করায় বিমান চলাচলেও ঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সিআইডি সূত্র জানায়, প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম ও চুক্তি সংশোধনে প্রভাব খাটানোর বিষয়েও তদন্ত চলছে। এ বিষয়ে নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।