নিউজ প্রবাসী ডেক্স :
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে সাত ধরনের আইনের আওতাভুক্ত মামলায় মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ চালু হয়েছে। প্রধান বিচারপতির অনুমোদনের পর এ বিষয়ে সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
চিফ লিগ্যাল এইড অফিসার মো. ইমতিয়াজুল ইসলাম জানিয়েছেন, এ সেবার জন্য কোনো টাকা-পয়সা দিতে হবে না। মামলা দায়েরের পর অর্থাৎ ‘পোস্ট-কেস’ পর্যায়ে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতার সুযোগ পাওয়া যাবে।
মধ্যস্থতার আওতায় রয়েছে—পারিবারিক আদালত আইন, পিতা-মাতার ভরণ-পোষণ আইন, যৌতুক নিরোধ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, দণ্ডবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের নির্দিষ্ট কিছু মামলা।
পারিবারিক বিরোধের মধ্যে বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, দেনমোহর, খোরপোষ এবং সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত-সংক্রান্ত মামলা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা যাবে।
এ ছাড়া বাবা-মায়ের ভরণপোষণ, নির্দিষ্ট যৌতুক ও নারী নির্যাতনের মামলা, সাধারণ মারামারি, অনধিকার প্রবেশ, চুরি, প্রতারণা, মানহানি, সম্পত্তির দখল, চুক্তি বাস্তবায়ন এবং চেক ডিজঅনারের মতো মামলাও নির্ধারিত শর্তে মধ্যস্থতার আওতায় আসবে।
তবে হত্যা, ধর্ষণসহ গুরুতর ও আপস-অযোগ্য অপরাধ এ ব্যবস্থার আওতায় থাকবে না।
লিগ্যাল এইড কর্মকর্তা জানান, আদালতে কোনো মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগলেও মধ্যস্থতার মাধ্যমে এক থেকে দুই মাসের মধ্যে বিষয়টি শেষ করার লক্ষ্য রয়েছে। এতে মামলাকারীদের সময় ও খরচ—দুটিই সাশ্রয় হবে।
মধ্যস্থতায় দুই পক্ষের সম্মতিতে সমাধান হলে লিগ্যাল এইড অফিস আদালতে প্রতিবেদন দেবে। এরপর আদালত সেই প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি নিষ্পত্তি করবে।