নিউজ প্রবাসী ডেক্স :

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও বহুমুখী করতে দুই দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, কৃষি, শিক্ষা এবং সেমিকন্ডাক্টর শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
সোমবার স্থানীয় সময় সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি, দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং হালাল অর্থনীতিতে সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া প্রযুক্তিনির্ভর শিল্প, কৃষি উন্নয়ন ও শিক্ষা খাতে যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।
এর আগে দুই সরকারপ্রধান একান্ত বৈঠকে মিলিত হন। পরে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা।
সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। অনুষ্ঠানে মালয়েশিয়ার শিল্পীরা বাংলা ও মালয় ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
কূটনৈতিক মহলের মতে, এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts