
নিউজ প্রবাসী ডেক্স :
বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজবিশ্লেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত হবে সোমবার (৬ জুলাই) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, জানাজার আগে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বাংলা একাডেমিতে রাখা হবে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হবে।
রোববার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। দ্রুত তাকে একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুচিতা শারমিন জানান, পরিবারের ইচ্ছা অনুযায়ী তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা রয়েছে।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। শোকবার্তায় তারা দেশের শিক্ষা, সাহিত্য ও চিন্তাচর্চায় তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।