নিউজ প্রবাসী ডেক্স:
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৯ জন। নতুন করে ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিন অনুযায়ী, নতুন তিন মৃত্যুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগে এবং একজন সিলেট বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নতুন তিনজনসহ চলতি বছর হামের উপসর্গ ও হাম আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে হামের পাশাপাশি এর উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন। এর মধ্যে ২১ হাজার ৩০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সেখানে এ পর্যন্ত ৪৪৮ জন মারা গেছেন। এরপর সিলেট বিভাগে ১৭৬, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৯, চট্টগ্রামে ৮৩, বরিশালে ৬০, খুলনায় ৪৪ এবং রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০৪ জন, চট্টগ্রামে ২৭৫, সিলেটে ১৬৪, বরিশালে ১৩০, খুলনায় ৭৮, ময়মনসিংহে ৬৮, রাজশাহীতে ২৮ এবং রংপুরে ১২ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা উপসর্গযুক্ত সব মানুষের হাম পরীক্ষা করা হয় না। ফলে দেশে হাম আক্রান্তের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। মূলত হাসপাতালে আসা বা ভর্তি হওয়া রোগীদের তথ্যের ভিত্তিতেই এই হিসাব সংরক্ষণ করা হচ্ছে।