নিউজ প্রবাসী ডেক্স :
: শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ থমকে আছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, হাসিনার ভারতে অবস্থানকে ঘিরে দুই দেশের মধ্যে টানাপড়েনের পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলছে।
ঢাকা সম্প্রতি ভারতকে শেখ হাসিনাকে ফেরত পাঠানো এবং শরীফ ওসমান হাদীর সন্দেহভাজন হত্যাকারীদের হস্তান্তরের দাবি জানিয়েছে। এসব বিষয় নিষ্পত্তি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের পথও সহজ হতে পারে।
তবে হাসিনার প্রত্যর্পণ নিয়ে মতবিরোধের কারণে ওই সফর এখন অনিশ্চয়তায় পড়েছে। এর মধ্যেই দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
দ্য প্রিন্ট বলছে, অভিবাসন, পানিবণ্টন এবং গঙ্গা চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও দুই দেশের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা জরুরি হয়ে উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারত এখন বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘পারস্পরিক সমতার ভিত্তিতে’ এগিয়ে নেওয়ার কথা বলছে। তবে হাসিনাকে ঘিরে বিরোধ মেটানো না গেলে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ আরও দীর্ঘায়িত হতে পারে।