নিউজ প্রবাসী ডেক্স :
পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে ১৬ দিন বন্ধ থাকার পর পাবনার নাজিরগঞ্জ ও রাজবাড়ীর ধাওয়াপাড়া নৌপথে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে এ নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির রাজবাড়ীর ধাওয়াপাড়া (জৌকুড়া) ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম।
তিনি জানান, পদ্মায় স্রোত অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। স্রোত কমে যাওয়ায় মঙ্গলবার থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
রাজবাড়ী ও ফরিদপুর থেকে পাবনা, সিরাজগঞ্জসহ আশপাশের জেলায় চলাচলকারী যানবাহনের জন্য নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌপথটি গুরুত্বপূর্ণ। সময় ও জ্বালানি খরচ কমাতে অনেক চালক এ পথ ব্যবহার করেন। এ নৌপথ ব্যবহার করলে সড়কপথের তুলনায় প্রায় ১০০ কিলোমিটার দূরত্ব কমে আসে।
এদিকে এ রুটে চলাচলকারী দুটি ফেরির মধ্যে একটি কয়েক মাস আগে বিকল হয়ে যায়। ফলে ‘ক্যামেলিয়া’ নামের একটি কে-টাইপ ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে পদ্মায় স্রোত বেড়ে গেলে তীব্র স্রোতের কারণে ওই ফেরি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
ফেরি বন্ধ থাকায় যাত্রী ও যানবাহনের চালকদের দুর্ভোগ পোহাতে হয়। অনেকে ঘুরপথে গন্তব্যে যেতে বাধ্য হন। কেউ কেউ ঝুঁকি নিয়ে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানে পদ্মা পারাপার করেন।
স্রোত কমে যাওয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় এ নৌপথ ব্যবহারকারীদের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts