নিউজ প্রবাসী ডেক্স :

স্পেনে বাড়িভাড়া বৃদ্ধি ও আবাসন সংকটের প্রতিবাদে শনিবার দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ভাড়াটিয়াদের সুরক্ষা বাড়ানো, ভাড়া কমানো এবং উচ্ছেদ বন্ধের দাবিতে প্রায় ৫০টি মিছিল বের করেন আন্দোলনকারীরা।

মাদ্রিদ, বার্সেলোনা ও ভ্যালেন্সিয়াসহ বিভিন্ন শহরে এসব কর্মসূচি পালিত হয়। রাজধানী মাদ্রিদে বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে ভিন্ন হিসাব পাওয়া গেছে। টেন্যান্টস ইউনিয়নের দাবি, সেখানে প্রায় ৫ লাখ মানুষ অংশ নেন। তবে কর্মকর্তাদের হিসাবে এ সংখ্যা ৭০ হাজার।

আবাসন সংকট মোকাবিলায় স্পেনের জোট সরকারের দুটি প্রস্তাবিত ডিক্রি পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পরদিনই এই বিক্ষোভ হয়। প্রস্তাবগুলোর মধ্যে ঝুঁকিতে থাকা ভাড়াটিয়াদের উচ্ছেদ স্থগিত, কিছু ভাড়ার চুক্তির মেয়াদ বাড়ানো, পর্যটন অ্যাপার্টমেন্টে কর বৃদ্ধি এবং বড় বিনিয়োগ তহবিলের সম্পত্তি কেনায় বিধিনিষেধের বিষয় ছিল।

ভ্যালেন্সিয়ায় বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড সরিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন। পরে পুলিশ রাবার বুলেট ব্যবহার করে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, সংঘর্ষে নয়জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আবাসন সংকটের তীব্রতা বোঝাতে ব্যাংক অব স্পেনের তথ্য বলছে, চাহিদা ও নতুন নির্মাণের ব্যবধানের কারণে দেশটিতে প্রায় ৭ লাখ বাড়ির ঘাটতি রয়েছে। জাতীয় পরিসংখ্যান সংস্থা আইএনইর হিসাবে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় বাড়ির দাম ১২ দশমিক ২ শতাংশ বেড়েছে।

রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আইডিয়ালিস্তার হিসাবে, ২০২৫ সালে স্পেনে বাড়িভাড়া বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ। মাদ্রিদে এই বৃদ্ধির হার ছিল ৯ দশমিক ৭ শতাংশ। দেশটির সবচেয়ে ব্যয়বহুল ভাড়ার শহরগুলোর মধ্যে রয়েছে বার্সেলোনা ও মাদ্রিদ; সেখানে প্রতি বর্গমিটারে গড় ভাড়া যথাক্রমে ২৩ দশমিক ৮০ ও ২২ দশমিক ৭০ ইউরো।

বিক্ষোভকারীদের ক্ষোভ আরও বাড়ে ৮৭ বছর বয়সি মারিকারমেন আবাসকালকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায়। উচ্চ ভাড়ার কারণে গত মাসে তাকে উচ্ছেদ করা হয়। পরে সংশ্লিষ্ট কোম্পানি কম ভাড়ায় তাকে আবার ওই বাসায় ফেরানোর বিষয়ে আলোচনা করলেও আন্দোলন অব্যাহত থাকে।

২৬ বছর বয়সি গ্রন্থাগারকর্মী মার্কোস সাইন্স জানান, আগে বন্ধুদের সঙ্গে দুই বেডরুমের একটি ফ্ল্যাট ভাগ করে মাসে ৯০০ ইউরো ভাড়া দিতেন। বর্তমানে একটি এক বেডরুমের ফ্ল্যাটের ভাড়াই প্রায় ১ হাজার ইউরো। ভাড়া বৃদ্ধি বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

সরকারের প্রস্তাবিত আবাসন আইন পাসে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ার পেছনে রক্ষণশীল পিপলস পার্টি, উগ্র ডানপন্থি ভক্স এবং কাতালোনিয়ার মধ্য-ডানপন্থি ও স্বাধীনতাপন্থি জেএক্সক্যাটের বিরোধিতা বড় ভূমিকা রাখে। প্রথম ডিক্রি ১৭৮-১৭২ ভোটে এবং দ্বিতীয়টি ১৮৪-১৬৬ ভোটে প্রত্যাখ্যাত হয়।

আবাসন সংকটের মধ্যে স্পেনের সরকার দ্রুত এসব উদ্যোগ নিয়েছিল। তবে পার্লামেন্টে তা আটকে যাওয়ার পরই দেশজুড়ে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts