নিউজ প্রবাসীডেক্স:
বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে বিবিসি। মঙ্গলবার অনির্ধারিত সফরে ঢাকা থেকে দিল্লি গিয়ে এ বৈঠক করেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টার দিকে মোদীর সঙ্গে ত্রিবেদীর বৈঠক হয়। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান ভারতের কাছে তুলে ধরতেই ত্রিবেদীর দিল্লি যাওয়া।
সোমবার রাতে ঢাকা থেকে দিল্লিতে পৌঁছান ত্রিবেদী। তবে তার এ সফর ও মোদীর সঙ্গে বৈঠকের বিষয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
২০২৪ সালের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়, তা কমাতে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দায়িত্ব দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর গত ২৮ জুন বাংলাদেশিদের জন্য ভারতের সব ধরনের ভিসা পুনরায় চালু করা হয়। একই সময়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। তবে তারেক রহমানের ভারত সফর এখনো হয়নি।
এর আগে গত ১১ আগস্টও ঢাকা থেকে সরাসরি দিল্লি গিয়ে মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন ত্রিবেদী। তার আগের দিন ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওই সফরেও তিনি সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের বার্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।