খুলনা প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলায় ছেলে হত্যার মামলার বাদী বাবাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আক্তার ঢালী (৫০) উপজেলার দুর্জনীমহল এলাকার মতলব ঢালীর ছেলে। গত আগস্টে দুর্বৃত্তদের হাতে নিহত ছেলে জয় ঢালীর হত্যা মামলার প্রধান বাদী ছিলেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্জনীমহল শহীদের মোড় এলাকায় নিজ বাড়ির কাছেই এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ঘটনার সময় আক্তার ঢালী কয়েকজন পরিচিত প্রবীণ ব্যক্তির সঙ্গে বাড়ির পাশে কাঠের বেঞ্চে বসে কথা বলছিলেন। এ সময় তিন থেকে চারটি মোটরসাইকেলে করে ৭-৮ জন হেলমেটধারী সশস্ত্র ব্যক্তি সেখানে আসে। তারা আক্তার ঢালীকে ঘিরে ধরে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আক্তার ঢালীকে উদ্ধার করেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত ১৫ আগস্ট রাতে একই এলাকার শহীদের মোড়ে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে গলা কেটে ও গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় বাবা আক্তার ঢালী বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা করেন।

ছেলে হত্যার প্রায় এক মাস ২০ দিনের মাথায় একই এলাকায় বাবাকে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরো এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যায় জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

তিনি জানান, পরপর দুই হত্যাকাণ্ডের পেছনে থাকা চক্রকে শনাক্ত করে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts