নিউজ প্রবাসী ডেস্ক

দীর্ঘ আলোচনা, বিরোধ ও নিয়ন্ত্রক জটিলতা পেরিয়ে অবশেষে একীভূত হয়েছে প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স। প্রায় ১১ হাজার কোটি ডলারের এই চুক্তির মাধ্যমে বিশ্বের দুই বড় চলচ্চিত্র স্টুডিওসহ বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন নেটওয়ার্ক ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এখন একই মালিকানার অধীনে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। একীভূত হওয়ার পর নতুন কোম্পানির নাম রাখা হয়েছে ‘স্কাইড্যান্স’। এর আওতায় এসেছে সিবিএস, সিএনএন, এমটিভি, কমেডি সেন্ট্রালসহ বিভিন্ন জনপ্রিয় নেটওয়ার্ক।

এখন থেকে এই কোম্পানির মালিকানায় থাকবে ‘এইচবিও ম্যাক্স’ ও ‘প্যারামাউন্ট প্লাস’-এর মতো স্ট্রিমিং সেবাও। একই সঙ্গে ‘ডিসি’, ‘হ্যারি পটার’, ‘গেইম অব থ্রোনস’, ‘মিশন ইম্পসিবল’, ‘লর্ড অব দ্য রিংস’, ‘স্টার ট্রেক’, ‘লুনি টিউনস’ ও ‘স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস’-এর মতো জনপ্রিয় কনটেন্টও নতুন কোম্পানির পোর্টফোলিওতে যুক্ত হয়েছে।

স্কাইড্যান্স জানিয়েছে, প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানটি প্রতিবছর বড় পর্দায় প্রায় ৩০টি সিনেমা এবং ১৮০টির বেশি টেলিভিশন অনুষ্ঠান ও সিরিজ প্রকাশের পরিকল্পনা করছে।

মার্জারের পর ‘টিএনটি’, ‘অ্যাডাল্ট সুইম’, ‘কার্টুন নেটওয়ার্ক’ ও ‘নিকেলোডিয়ন’-ও একই কোম্পানির অধীনে এসেছে। মঙ্গলবার থেকেই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ‘এসকেওয়াইডি’ প্রতীকে নতুন কোম্পানিটির লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। একই সময়ে নাসডাকে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শেয়ার লেনদেন বন্ধ হয়েছে।

নতুন কোম্পানিটির বার্ষিক আয় প্রায় ৭ হাজার কোটি ডলারে দাঁড়ালেও এর সঙ্গে বড় অঙ্কের ঋণের বোঝাও যুক্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্জারের পর কোম্পানিটির ওপর প্রায় ৮ হাজার কোটি ডলার ঋণ রয়েছে।

স্কাইড্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড এলিসন এই একীভূতকরণকে পুরো বিনোদন শিল্পের জন্য ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, দুই স্টুডিওকে একত্র করার লক্ষ্য ছিল আরও শক্তিশালী একটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান তৈরি করা।

এর আগে প্যারামাউন্ট অধিগ্রহণের পর ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণের চুক্তিও সম্পন্ন করে স্কাইড্যান্স। নেটফ্লিক্সের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যেই এই বড় একীভূতকরণ হলিউডের বিনোদন ব্যবসায় নতুন সমীকরণ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts