নিউজ প্রবাসী ডেস্ক

অধিকৃত আল-কুদস মুক্ত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আবদোল্লাহি।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর পরিচালিত ‘আল-আকসা প্লাবন’ অভিযানের বার্ষিকী উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান ও খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আবদোল্লাহি বলেন, ওই অভিযান প্রতিরোধ ফ্রন্টের বিরোধীদের হিসাব-নিকাশে বড় ধরনের পরিবর্তন এনেছে এবং ইসরায়েলি ব্যবস্থার ভেতরে গভীর প্রভাব সৃষ্টি করেছে।

তার দাবি, ‘আল-আকসা প্লাবন’ অভিযান ফিলিস্তিনি জনগণ ও তাদের ভূখণ্ড রক্ষার ক্ষেত্রে প্রতিরোধ ফ্রন্টের কৌশলগত অবস্থানে পরিবর্তন এনেছে। এর ফলে প্রতিরোধের কার্যক্রম প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আরও আক্রমণাত্মক পর্যায়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

আবদোল্লাহি আরও দাবি করেন, ওই অভিযানের প্রভাব ইসরায়েলি শাসনব্যবস্থার পতনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে।

তিনি বলেন, প্রতিরোধ ফ্রন্টের শহীদদের আত্মত্যাগ অব্যাহত থাকবে। তার ভাষ্য অনুযায়ী, এই আত্মত্যাগ শেষ পর্যন্ত দখলদার শাসনব্যবস্থার অবসানে ভূমিকা রাখবে।

বার্তায় প্রতিরোধ ফ্রন্টের নিহত নেতাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানি, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ এবং হামাসের নেতা ইসমাইল হানিয়ে ও ইয়াহইয়া সিনওয়ারের নাম উল্লেখ করেন ইরানের এই সামরিক কর্মকর্তা।

আবদোল্লাহি বলেন, ফিলিস্তিনের পবিত্র লক্ষ্য ও প্রতিরোধ ফ্রন্টের সমর্থনে ইরানের শীর্ষ নেতৃত্বের দেওয়া নির্দেশনা অব্যাহত থাকবে। অধিকৃত আল-কুদস মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ ফ্রন্টের প্রতি তেহরানের সমর্থনও বহাল থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts