নিউজ প্রবাসী ডেস্ক
খাবার সরবরাহের ব্যবসার পরিধি আরও বাড়াতে ক্যাটারিং প্রতিষ্ঠান ইজিক্যাটার অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উবার। পুরো অর্থ নগদে পরিশোধের এই চুক্তির মূল্য ২৩০ কোটি ডলার।
যুক্তরাষ্ট্রে ক্যাটারিং ও কর্মস্থলে খাবার সরবরাহের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ইজিক্যাটার। বড় সংখ্যক কর্মীর জন্য খাবারের প্রয়োজন হয়—এমন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্যাটারিং কোম্পানিগুলোর যোগাযোগ করিয়ে দেয় প্রতিষ্ঠানটি। অনেকটা ক্যাটারিং খাতের অনলাইন মার্কেটপ্লেস হিসেবে কাজ করে ইজিক্যাটার।
২০০৭ সালে প্রতিষ্ঠিত ইজিক্যাটার গত ১২ মাসে বুকিংয়ের মাধ্যমে ২৫০ কোটি ডলারের বেশি আয় করেছে বলে জানিয়েছে উবার। প্রতিষ্ঠার পর প্রথম সাত বছর নিজেদের অর্থায়নে পরিচালিত হওয়ার পর ২০১৪ সালে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ৪০ লাখ ডলার বিনিয়োগ সংগ্রহ করে।
উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোসরোশাহি বলেন, ইজিক্যাটার অধিগ্রহণের ফলে রেস্তোরাঁগুলো আরও বড় পরিসরে নতুন গ্রাহকের কাছে পৌঁছানোর সুযোগ পাবে।
তিনি বলেন, ক্যাটারিং একটি বড় ব্যবসা এবং রেস্তোরাঁগুলোর জন্য এটি আয়ের গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। উবারের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে এই সেবা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া এবং রেস্তোরাঁগুলোকে বড় অর্ডার পাওয়ার সুযোগ করে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।
খাবার সরবরাহের ব্যবসা সম্প্রসারণে সাম্প্রতিক সময়ে একাধিক পদক্ষেপ নিয়েছে উবার। এর অংশ হিসেবে ১৫ বিলিয়ন ডলারে ডেলিভারি হিরো কেনার প্রক্রিয়াও চলছে।
এ ছাড়া ড্রোনের মাধ্যমে খাবার ও পণ্য সরবরাহের প্রযুক্তি নিয়ে কাজ করা জিপলাইন ও ফ্লাইট্রেক্সের মতো কোম্পানিতেও বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।
ইজিক্যাটার অধিগ্রহণের ফলে উবার ইটসের খাবার সরবরাহ কার্যক্রমের পাশাপাশি বড় পরিসরের ক্যাটারিং অর্ডারের বাজারেও উবারের ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।