নিউজ প্রবাসী  ডেস্ক:

বাংলাদেশে চলমান হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবিলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩৪ লাখ শিশুকে টিকাদানের আওতায় আনতে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউনিসেফের মাধ্যমে জাতীয় হাম-রুবেলা ক্যাচ-আপ টিকাদান কর্মসূচিতে এ সহায়তা দেওয়া হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বনানীর কড়াইলের টিঅ্যান্ডটি খেলার মাঠে পরিচালিত টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক জিলান।

মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র আওতায় এ কর্মসূচিতে সহযোগিতা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে হাম ও রুবেলার ঝুঁকিতে থাকা শিশুদের টিকাদানের আওতা বাড়ানোর পাশাপাশি সরকারের চলমান টিকাদান কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

টিকাদান কর্মসূচি পরিদর্শনের সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ ও অ্যাডভোকেসি বিভাগের প্রধান মিগুয়েল মাতেওস মুনোজ এবং ইমিউনাইজেশন লিড রিয়াদ মাহমুদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে চলমান হাম-রুবেলা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে দেশব্যাপী এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নির্ধারিত বয়সসীমার শিশুদের টিকার আওতায় এনে রোগের বিস্তার রোধ করাই এর অন্যতম প্রধান লক্ষ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts