নিউজ প্রবাসী ডেস্ক

রাজধানীর খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া, বৃষ্টি ও সরবরাহে ঘাটতিকে দাম বাড়ার কারণ হিসেবে উল্লেখ করছেন বিক্রেতারা। শীতের মৌসুম ঘনিয়ে এলেও বাজারে স্বস্তি নেই। কোনো কোনো সবজি কিনতে কেজিপ্রতি গুনতে হচ্ছে ১০০ টাকার বেশি।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে শিমের কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। গোল বেগুনের দাম ১০০ টাকা। করলা, শসা ও ঝিঙা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকায়। গাজরের দাম ১৪০ টাকা এবং কাঁচা মরিচের কেজি ১৬০ টাকা।

এ ছাড়া পটল ও কাকরোল ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, মুলা ৭০ টাকা, ঢেঁড়স ও ধুন্দল ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিটি লাউয়ের দাম ৭০ থেকে ৮০ টাকা। চারটি কাঁচা কলা কিনতে খরচ হচ্ছে ৪০ টাকা।

মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী কামরুজ্জামান সোহেল বলেন, বাজারে প্রায় সব সবজির দাম বেশি। অনেক সবজি ৮০ থেকে ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, শীতের মৌসুম সামনে থাকায় সবজির দাম কমার প্রত্যাশা ছিল। কিন্তু উল্টো বাড়তি দামে কিনতে হচ্ছে। বিক্রেতারা পরিবহন ব্যয় বৃদ্ধির কথা বলছেন। খরচ সামলাতে আগে যেখানে যে পরিমাণ সবজি কিনতেন, এখন তার অর্ধেক কিনতে হচ্ছে।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা খাদিমুল ইসলাম জানান, বেগুনের কেজি ১০০ টাকা এবং বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পরিবহন খরচ বেড়ে যাওয়া ও বাজারে সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম বেড়েছে বলে মনে করেন তিনি।

বিক্রেতাদের ধারণা, শীতকালীন নতুন সবজি বাজারে আসার আগে আগের সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তি রয়েছে। তবে আগামী এক থেকে দুই মাসের মধ্যে শীতের সবজির সরবরাহ বাড়লে বাজারে দাম কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts