নিউজ প্রবাসী ডেস্ক :
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার পরীক্ষা শুরুর ঠিক আগে এ সিদ্ধান্ত জানানো হলে ক্ষোভে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন চাকরিপ্রার্থীরা।
শনিবার সকাল ১১টায় ১১তম গ্রেডের এ পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি শূন্য পদের বিপরীতে রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তবে আগের রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে।
পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে সকাল সোয়া ১১টার দিকে সাতমসজিদ সড়ক এবং সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেন পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, পরীক্ষা শুরুর মাত্র কয়েক মুহূর্ত আগে সিদ্ধান্ত জানানোয় তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক জানান, নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
অধিদপ্তরের প্রশাসন উইংয়ের পরিচালক ডি এম আতিকুর রহমান বলেন, ফেসবুকে একটি পোস্ট দেখার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল ছিল কি না, জানতে চাইলে তিনি জানান, প্রকাশিত প্রশ্নের অংশের সঙ্গে মিল পাওয়া গেছে।
প্রশ্ন ফাঁসের অভিযোগের পর পরীক্ষা স্থগিত হলেও নতুন তারিখের অপেক্ষায় থাকতে হচ্ছে চাকরিপ্রার্থীদের। এদিকে আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান দাবি করেছেন।