টেক ডেস্ক :
নির্দিষ্ট তারিখ ও সময়ে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানোর সুবিধা যুক্ত করতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের নাম দেওয়া হয়েছে ‘মেসেজ শেডিউলিং’। এর মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকেই বার্তা তৈরি করে পাঠানোর সময় নির্ধারণ করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার মালিকানাধীন অ্যাপটির অ্যান্ড্রয়েডের পরীক্ষামূলক সংস্করণে নতুন ফিচারটির উপস্থিতি পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন হালনাগাদ নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফোও বিষয়টি জানিয়েছে।
ফিচারটি ব্যবহার করতে বার্তা লেখার পর সেন্ড বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। এরপর পর্দায় একটি অপশন আসবে, যেখান থেকে বার্তা পাঠানোর নির্দিষ্ট তারিখ ও সময় নির্বাচন করা যাবে। নির্ধারিত সময়ের আগে বার্তাটি দেখা ও পরিচালনার জন্য আলাদা ব্যবস্থাও থাকবে।
নতুন সুবিধার মাধ্যমে ফোন বন্ধ কিংবা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলেও নির্ধারিত সময়ে বার্তা পাঠানো সম্ভব হবে। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপেও ফিচারটি ব্যবহার করা যাবে। সাধারণ বার্তার মতো এতে লেখা, লিংক, ছবি ও ভিডিও পাঠানোর সুবিধা থাকবে। বার্তাগুলো হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থার আওতায় সুরক্ষিত থাকবে।
প্রতিবেদন অনুযায়ী, বার্তা তৈরির অন্তত ১০ মিনিট পর থেকে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত সময় নির্ধারণ করে রাখা যাবে। নিয়মিত শুভেচ্ছা পাঠানো, গুরুত্বপূর্ণ কাজের কথা মনে করিয়ে দেওয়া, ভিন্ন সময় অঞ্চলে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং ব্যবসায়িক প্রয়োজনে ফিচারটি কাজে আসবে।
প্রতিদ্বন্দ্বী মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ২০১৯ সাল থেকেই এ ধরনের সুবিধা রয়েছে। তবে হোয়াটসঅ্যাপে এতদিন ফিচারটির অনুপস্থিতি ব্যবহারকারীদের কাছে উল্লেখযোগ্য সীমাবদ্ধতা হিসেবে বিবেচিত হয়েছে।
বর্তমানে অ্যান্ড্রয়েডের নির্দিষ্ট কিছু বিটা ব্যবহারকারীর জন্য সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও ব্যবহারকারীর কাছে এটি পৌঁছাতে পারে। তবে সব ব্যবহারকারীর জন্য কবে নাগাদ পূর্ণাঙ্গভাবে চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।