নিউজ প্রবাসী ডেক্স:
মধ্যবর্তী নির্বাচনে চারজন অঙ্গরাজ্য সিনেটর, একজন কংগ্রেস সদস্য; মুসলিমবিদ্বেষী প্রচারণার মধ্যেও জয়
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন হিজাব পরিহিত পাঁচ মুসলিম নারী। দেশটির নির্বাচনি ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে এতসংখ্যক হিজাবি নারী আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন অঙ্গরাজ্য সিনেটের সদস্য এবং একজন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে জয় পেয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময়ে মুসলিমবিরোধী বক্তব্য, বিদ্বেষ ও হুমকি বেড়েছে বলে বিভিন্ন মহলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে পাঁচ মুসলিম নারীর নির্বাচিত হওয়াকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, নিজেদের ধর্মীয় পরিচয় প্রকাশ্যে ধারণ করেও নির্বাচনে জয়ী হওয়া দেশটির রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
বিজয়ী পাঁচজনই ডেমোক্র্যাট দলের প্রগতিশীল ধারার রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে জর্জিয়ার রুয়া রোমান অঙ্গরাজ্যটির আইনসভায় প্রথম হিজাব পরা মুসলিম নারী হিসেবে দায়িত্ব পালনের পর এবার সিনেটর নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফিলিস্তিনপন্থি ডেমোক্র্যাটদের পক্ষে অবস্থান নিয়ে তিনি আলোচনায় আসেন।
নিউইয়র্ক থেকে অঙ্গরাজ্য সিনেটর নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা কাওয়াস রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি অর্জন করেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর তাঁর অনথিভুক্ত অভিবাসী বাবাকে আটক করে অভিবাসন কর্তৃপক্ষ। প্রায় তিন বছর কারাভোগের পর তাঁকে জর্ডানে ফেরত পাঠানো হয়। বাবার আটকের সময়কার স্মৃতি তাঁর রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলেছে।
ইলিনয় থেকে নির্বাচিত হয়েছেন ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত নাবিলা সৈয়দ। রিপাবলিকান প্রার্থীর বিপক্ষে ৫৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন তিনি। ২০২২ সালে অঙ্গরাজ্য আইনসভায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন শুরু করেন নাবিলা। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জীবনযাত্রার ব্যয় কমানো তাঁর রাজনৈতিক অঙ্গীকারের মধ্যে রয়েছে।
কানেকটিকাট থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন পাকিস্তানে জন্ম নেওয়া মেরিয়াম খান। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে জয় পান তিনি। ২০২২ সাল থেকে অঙ্গরাজ্য আইনসভায় দায়িত্ব পালন করছেন মেরিয়াম। শিক্ষা, বিচার বিভাগ ও বিশেষ শিক্ষাসংক্রান্ত বিভিন্ন কমিটিতেও কাজ করেছেন। কর্মস্থলে পাকিস্তানের ছোট পতাকা রাখায় সমালোচনার মুখে পড়লেও তিনি নিজের পারিবারিক ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গর্ব প্রকাশ করেন।
অন্যদিকে মিনেসোটা থেকে পঞ্চমবারের মতো মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ইলহান ওমর। সোমালিয়ায় জন্ম নেওয়া ইলহান ১৯৯৫ সালে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। ২০১৮ সালে প্রথমবার কংগ্রেস সদস্য নির্বাচিত হয়ে তিনি দেশটির প্রথম হিজাব পরা নারী কংগ্রেস সদস্য হওয়ার ইতিহাস গড়েন। দীর্ঘদিন ধরে ট্রাম্প ও রিপাবলিকান নেতাদের সমালোচনার মুখে রয়েছেন তিনি।
সম্প্রতি ইলহান ওমরের বাড়িতে অভিযান চালিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা মুঠোফোন ও ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর নাগরিকত্ব নিয়েও তদন্তের উদ্যোগের খবর প্রকাশিত হয়েছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইলহান।
মুসলিমবিরোধী প্রচারণার মধ্যেও এবারের নির্বাচনে মুসলিম নারীদের জয়কে ইতিবাচক হিসেবে দেখছে বিভিন্ন সংগঠন। মুসলিম জনসংযোগ পরিষদের নীতিবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হারিস তারিনের মতে, ইসলামবিদ্বেষকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কৌশল এবার ভোটারদের ওপর প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেনি।
তিনি বলেন, আগের নির্বাচনের তুলনায় এবার ইলহান ওমর বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। পাশাপাশি প্রকাশ্যে মুসলিম পরিচয় বহনকারী আরও কয়েকজন নারী নির্বাচিত হয়েছেন। তাঁর মতে, এই ফলাফল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম নারীদের অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।