নিউজ প্রবাসী ডেক্স:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ড প্রচার করাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি গণমাধ্যমকে এ বিষয়ে সরকারি নির্দেশনা ও গেজেটের বিধান মেনে চলার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ আগুন সন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটিয়ে দলটি তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের ধরন প্রকাশ করছে বলেও মন্তব্য করেন তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমানে যারা অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে, তাদের এ ধরনের কর্মকাণ্ড নতুন নয়। তাঁর ভাষ্য, ধ্বংসাত্মক কর্মকাণ্ডই দলটির রাজনীতির অংশ এবং অতীতেও তারা আগুন সন্ত্রাসসহ নানা সহিংসতায় জড়িত ছিল।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী জানান, শুধু মূল দলের রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এর অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ বিষয়ে নির্দেশনা রয়েছে।
গেজেটের বিধান অনুযায়ী, আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ এবং সভা আয়োজনসহ বিভিন্ন ধরনের কার্যক্রম নিষিদ্ধ। প্রতিমন্ত্রী বলেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পাশাপাশি এসব কর্মকাণ্ডের প্রচারও নিষিদ্ধ—গণমাধ্যমকে বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা নিয়ে তিনি বলেন, রাতের বেলায় কয়েকজন ব্যক্তি কোথাও স্লোগান দিয়ে চলে যেতে পারে, আবার কোনো স্থানে গাড়ি কিংবা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা চিহ্নিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পুলিশসহ বিভিন্ন বাহিনী এবং সাধারণ মানুষ সতর্ক রয়েছেন। সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে অনেককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্বের বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, অগ্নিসন্ত্রাসের মূল হোতাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এ বিচার দেখার প্রত্যাশা দেশের মানুষের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে বিজেসির পক্ষ থেকে উত্থাপিত দাবি ও প্রস্তাব নিয়েও কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি জানান, টেলিভিশন চ্যানেলগুলোর টিকে থাকা, আধুনিকায়ন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন নিয়ে সংগঠনটির নেতারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এসব দাবি ও নীতিমালা পরিবর্তনের প্রস্তাব লিখিতভাবে সরকারের কাছে জমা দেওয়া হলে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো পরিকল্পনা নেই।
মতবিনিময় সভায় বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্যসচিব ইলিয়াস হোসেনসহ সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।