নিউজ প্রবাসী ডেক্স:
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে যশোর থেকে বিজিবির ছয় প্লাটুন সদস্য গোপালগঞ্জে পৌঁছান। পরে সন্ধ্যা থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল শুরু করেন তাঁরা।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে জেলার টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
এসব ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় সদস্যরা দায়িত্ব গ্রহণের পর জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল শুরু করেন।