নিউজ প্রবাসী ডেস্ক:
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য তুরস্কের মাঠপর্যায়ের মানবিক সহায়তারও প্রশংসা করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়। প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই নেতা।
প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নিয়মিত যোগাযোগ ও আলোচনা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সংকট মোকাবিলায় কার্যকর অংশীদারত্ব ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।
বৈঠকের শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোগানের সঙ্গে অনুষ্ঠিত আগের বৈঠকের প্রসঙ্গ স্মরণ করেন তারেক রহমান। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।