আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে সাতটি শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, তেহরানের দেওয়া শর্তগুলো মেনে নেওয়ার সময় এসেছে ওয়াশিংটনের। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না দাবি করে আলোচনার বিষয়ে ‘কাল্পনিক খবর’ প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, সামরিক সক্ষমতার দিক থেকে ইরান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তবে আপাতত সামরিক অভিযান পুরোপুরি বন্ধ না করে দেশটির ওপর নৌ অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সামরিক অভিযান কিংবা অবরোধের মাধ্যমে যুদ্ধের সমাধান সম্ভব নয়। সংঘাতের অবসান চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের দাবি ও শর্ত পূরণ করতে হবে। এ বিষয়ে তিনি দুই দিনের একটি পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন।

সোমবার সামাজিকমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মোহসেন রেজাই বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্রের সরকার বড় ধরনের সংকটে পড়েছে। কিন্তু ওয়াশিংটন বাস্তব পরিস্থিতি স্বীকার না করে আলোচনার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রকে তেহরানের সাত দফা শর্ত মেনে নেওয়ার পাশাপাশি পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতাও গ্রহণ করতে হবে।

ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে—লেবানন, গাজা ও ইয়েমেনসহ সব রণাঙ্গনে সামরিক অভিযান বন্ধ; জব্দ করা ইরানি সম্পদ ফেরত দেওয়া; দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার; নৌ অবরোধ তুলে নেওয়া; অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমানবাহিনী প্রত্যাহার; সাম্প্রতিক যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ইরানের বিরুদ্ধে হুমকি ও অপমানজনক বক্তব্য বন্ধ করা।

ইরানি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে তেহরানের আগ্রহ নেই।

এদিকে সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন। পরে কাতারের প্রধানমন্ত্রী সামাজিকমাধ্যমে জানান, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। সমঝোতা ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা ইতিবাচক ছিল বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরানের সক্ষমতা কার্যত শেষ হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর অনুরোধে আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখা হচ্ছে। এখনই নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজন দেখছেন না তাঁরা। তবে পরিস্থিতি বদলালে যেকোনো সময় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

সৌদিতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব সৌদি আরবের নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামোতেও পড়ছে। মঙ্গলবার রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

এর আগে সোমবার সৌদির মদিনা অঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটে। এতে সীমিত অগ্নিকাণ্ডের সৃষ্টি হলেও পাইপলাইনের কার্যক্রম বন্ধ হয়নি বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। এ ঘটনায় হতাহতের খবরও পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় সৌদি আরবের তেল রপ্তানির ক্ষেত্রে পূর্ব-পশ্চিম পাইপলাইনটির গুরুত্ব বেড়েছে। ফলে এ অবকাঠামোতে হামলার ঘটনা দেশটির জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্র একদিকে সামরিক উত্তেজনা কমানোর ইঙ্গিত দিলেও ইরানের ওপর নৌ অবরোধ ও চাপ অব্যাহত রেখেছে। অন্যদিকে তেহরান স্পষ্ট করেছে, তাদের সাত দফা দাবি পূরণ ছাড়া যুদ্ধের স্থায়ী অবসান কিংবা আলোচনায় ফেরার পথ তৈরি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts